ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল
- চা শিল্পে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
চা উৎপাদনের সাথে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করা বাগানে কর্মরত টিলা বাবুদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের সকল চা বাগানের টিলা বাবুদের নিয়ে ক্যামেলিয়া চা বাগানে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ দিনব্যাপি ১১টি চা বাগানের ৫০জন টিলাবাবুকে চা শিল্পে দক্ষতা উন্নয়নের লক্ষে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট থেকে বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর উদ্যোগে জেলার কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানে প্রথমধাপে শ্রীমঙ্গলসহ জেলার প্রায় অর্ধশত চা বাগানের টিলা বাবু (টিলা ক্লার্ক) দের দিয়ে এ ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ক্লাসে সকল টিলা বাবুদের চা বাগানে টিপিং, প্লাকিং ও পোকা মাকড় দমন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালার মুলবক্তা প্রকল্প উন্নয়ন ইউনিট-এর ভারপ্রাপ্ত পরিচালক ড.এ. কে. এম. রফিকুল হক বলেন, বাংলাদেশে ২০২১ সালে দেশের ইতিহাসের সর্বোচ্চ ৯৬.৫১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে চায়ের রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি চায়ের উৎপাদন ও গুণগতমান বৃদ্ধি করার লক্ষ্যে জোর দিয়েছেন। যেহেতু চায়ের রপ্তানি বৃদ্ধি করার জন্য গুণগতমানের চা উৎপাদনের কোনো বিকল্প নেই, তাই, চা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় উন্নত মানের চা উৎপাদনের লক্ষ্যে এ ধরণের কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করার মাধ্যমে চা উৎপাদনের সাথে সরাসরি জড়িত ব্যক্তিবর্গের দক্ষতা উন্নয়ন করা হচ্ছে।









