শপিংমল খোলা না খোলা মালিক পক্ষের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিষয়ক এক বৈঠকে একথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক শপিংমলে কেনাকাটার নির্দেশনা জারির চিন্তা করছে সরকার। স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু করতে হবে। দোকানদার যদি মনে করে আমি খুলবো না বা খুলবো সেটা তাদের সিদ্ধান্ত। তবে সরকার জনগণের চিন্তা করেই এসব খুলে দিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এক মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের দোকানপাট এবং শপিংমল। পহেলা বৈশাখের ব্যবসায় এবার বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ব্যবসায়ীদের। রমজানের প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেছে। ঈদ সামনে রেখে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যের ভয়াবহ ক্ষতি বিবেচনায় নিয়ে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে গত সোমবার কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর আগামী ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট আর শপিংমল খোলার অনুমতি দেয় সরকার।
আনন্দবাজার/ টি এস পি









