যাত্রীদের কাছ থেকে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ অহরহ। বিভিন্ন গণমাধ্যমে এর সত্যতাও উঠে এসেছে। তবে এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায় না বরাবরই। তবে এবার এমন অভিযোগের সত্যতা স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এর সত্যততা স্বীকার করেন।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মহাখালী ও গাবতলীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মিথ্যা নয়, আমি অভিযোগ অস্বীকার করছি না। আমরা কিছু পরিবহনকে জরিমানা করেছি। আমাদের ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের বলবো, এ বিষয়টিতে আরও বেশি করে নজর দেওয়ার জন্য। মন্ত্রীর পাশে বসা বিআরটিএ ও বাস মালিকদের প্রতিনিধিরা অভিযোগ অস্বীকার করলে মন্ত্রী আবারও বলেন, অভিযোগ যখন আসছে, অভিযোগ মিথ্যা একথা বলা ঠিক না। অভিযোগ নিশ্চই চেক করতে হবে।
সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার কাছে মনে হয় এবার ঈদ সবার ভালোভাবে কাটবে। এমনকি গাজীপুরে যেখানে একটা সংকট তৈরি হতো, সেই গাজীপুরেও এবার গাড়ি চলাচল করছে। সারাদেশেই সড়কের অবস্থা ভালো। অতিরিক্ত ভাড়ার ব্যাপারেও অন্যবারের মতো এবার ততটা অভিযোগ নেই।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ পরিবহন মালিক সমিতির নেতাসহ সড়ক পরিবহন ও পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে মন্ত্রী নাটোর, রাজশাহীগামী একতা পরিবহন ও রংপুরগামী এনা পরিবহনের কাউন্টার পরিদর্শন করেন। কাউন্টারের কর্মকর্তা ও সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।









