মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
মেহেন্দিগঞ্জে ৩ মাস সম্মানী ভাতার টাকা না পেয়ে ৫৫২জন বীর মুক্তিযোদ্ধা পরিবার করোনা ভাইরাসের মহামারীর মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। মুক্তিযোদ্ধাদের অভিযোগ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দের অবহেলায় মুক্তিযোদ্ধারা তাদের সম্মানী ভাতার টাকা যথাসময়ে পাননি।
বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দীন পাটোয়ারি এ প্রসঙ্গে বলেন, প্রায় ১ মাস আগে জেলা প্রশাসক মহোদয় আমাদের মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধাদের ভাতার টাকার চেক এ স্বাক্ষর করে ছাড় দিলেও মেহেন্দিগঞ্জের ইউএনওর উদাসীনতার কারণে সে চেক এখনও মেহেন্দিগঞ্জের ব্যাংকে আসেনি।
অন্য উপজেলার মুক্তিযোদ্ধারা তাদের ভাতার টাকা অনেক আগে থেকেই পেয়েছেন। মহামারী করোনার কারণে আমরা এখন ঘরবন্ধি। ঘরে কোন খাবার নেই। এমনকি কেউ আমাদেরকে একমুঠো ত্রাণসামগ্রীও এখনও দেয়নি। এমন অবস্থায় খুবই কষ্টে জীবনযাপন করছি।
আরেক মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান বলেন, বেশিরভাগ মুক্তিযোদ্ধা অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। সম্মানী ভাতা না পেয়ে আমাদের বেঁচে থাকা এখন হুমকির মুখে।
কমান্ডের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে বলেন, সম্মানী টাকা দিয়ে আমরা জীবনযাপন করি। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন যাতে ভাতার টাকা দ্রুত সময়ের মধ্যে পেতে পারেন।









