প্রানঘাতী করোনা ভাইরাস পরীক্ষায় সরকারের অনুমোদনহীন কোন কিটস গ্রহণযোগ্য হবে না। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৫ এপ্রিল দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান জানান, করোনা পরীক্ষা করা হচ্ছে শুধু মাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটস দিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা দিয়েছে র্যাপিড কিটস নিয়েও এবং সরকার সে অনুযায়ী কাজ করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের মূল ফোকাল পয়েন্ট হিসেবে ব্রিফিংকালে সেলের আহ্বায়ক মিডিয়া সেল গঠনের কারণগুলি তুলে ধরেন ও কমিটির কর্মপরিকল্পনা ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে মো. হাবিবুর রহমান খান আরও জানান, করোনা প্রতিরোধে দেশব্যাপী সকল হাসপাতালে চিকিৎসা সেবা মনিটরিং এর জন্য এখন মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা মনিটরিং এ নিয়োজিত আছে। ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রয়েছে জেলা শহরে করোনা পরীক্ষায় ব্যবহারের জন্য। করোনা মোকাবেলায় নতুন আরো ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ করার জন্যও কাজ করছে সরকার।
আনন্দবাজার/এস.কে









