করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর আগামী রোববার থেকে খুলছে ঢাকা নিউ মার্কেট। নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বাবু জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলা হবে।
আশরাফ উদ্দিন বলেন, নিউ মার্কেট একমাত্র মার্কেট যেখানে সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করার সুযোগ রয়েছে। কারণ আমাদের এখানে দোকানের সামনে ১০ ফুটের বারান্দা রয়েছে। পাশাপাশি হাঁটার রাস্তা আরও ২০ ফুটের বেশি। এভাবে ৩০/৩৫ ফুট জায়গা অন্য কোনো মার্কেটে নাই। ফলে এখানে ক্রেতারা সামাজিক দূরত্ব মেনে শপিং করার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, মার্কেটে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আমরা এবিষয়টি নিশ্চিত করছি। এক্ষেত্রে যদি কেউ মাস্ক ছাড়া আসে, গেইটে তাদের জন্য মাস্কের ব্যবস্থা থাকবে। আমরা তাপমাত্রা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখছি। প্রতিটি গেইটে প্রবেশের ক্ষেত্রে পাটের চট বিছানো থাকবে। যাতে ক্লোরিং মেশানো থাকবে। মার্কেটে প্রবেশের ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে ছয় পা সেটির উপর দিয়ে হেঁটে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে কারো জুতায় ভাইরাস থাকলেও তা মারা যাবে।
আশরাফ উদ্দিন আহমেদ বাবু বলেন, আমাদের মার্কেটে বেশির ভাগ ক্রেতাই নারী। সংসারের কাজ কর্ম শেষ করে, মূলত দুপুরের পর তারা মার্কেটে আসেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত মার্কেট খোলা রাখলে আমরা সময় পাই মাত্র দুই ঘণ্টা। এক্ষেত্রে ক্রেতাদের মধ্যেও একটা হাড়াহুড়ো থাকবে। আমাদের প্রস্তাব থাকবে, যদি সে সময়টা সন্ধ্যা ৬টা পর্যন্ত করা যায়, তাহলে ক্রেতাদের মধ্যেও তাড়াহুড়ো থাকবে না, সামাজিক দূরত্বও বজায় থাকবে।
আনন্দবাজার/টি এস পি









