- নির্যাতনকারীর শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
যৌতুকের জন্য রিক্তা বেগমকে নির্যাতনকারী প্রধান আসামি বাবলু মিয়াসহ সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই দশানী এলাকাবাসি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, সাম্যবাদী আন্দোলন নেতা সবুজ মিয়া, নির্যাতিতা রিক্তা খাতুন, রিক্তা খাতুনের মেয়ে নাজনীন আক্তার বৈশাখী, রিক্তার ভাই নাহিদ হাসান, আনোয়ারুল ইসলাম, সাইদুর রহমান, ভুট্টু মিয়া, মুকুল মিয়া, জোবায়ের হোসেন, মেহেদী হাসান, মোছা: কনা বেগম, মোছা: দুলালী বেওয়া সহ ্আরো অন্যরা।
বক্তারা বলেন, পশ্চিম কোমরনই দশানী এলাকার মৃত ইমদাদুল হক ইদুর মেয়ে রিক্তা খাতুনের সাথে উত্তর গিদারী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের আব্দুল আলিম মন্টুর ছেলে বাবলু মিয়ার সঙ্গে ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বাবলু মিয়া ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এই যৌতুকের দাবিকৃত টাকা না দেয়ায় তার মা লাইজু বেগম, বড় ভাই লাবলু ও অনিক হাসান লেবুদের সহযোগিতায় তাকে হত্যার উদ্দেশ্যে প্রায়ই মারপিট করে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে বিক্ষুদ্ধ গ্রামবাসী এ কর্মসূচি পালন করে।









