জনবসতি পূর্ণ এলাকায় ময়লার স্তুপ এখন এলাকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ময়লা স্তুপ থেকে শেয়াল-কুকুর আবর্জনা টানাহেচড়া করায় আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে
টাঙ্গাইলের মির্জাপুরে জনবসতিপূর্ণ এলাকায় জায়গা ভাড়া নিয়ে বাসা বাড়ির ময়লা-আবর্জনা রেখে ব্যবসা করছে একটি প্রভাবশালী চক্র। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ও পরিবেশ নষ্ট হলেও কর্ণপাত করছেন ওই চক্র। গতকাল বুধবার সরেজমিনে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী বাগচালা এলাকায় এমন পরস্থিতি লক্ষ্য করা যায়। বনবিভাগের জায়গার ঠিক পাশেই জনবসতি পূর্ণ এলাকায় ময়লা স্তুপ এখন এলাকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ময়লা স্তুপ থেকে শেয়াল-কুকুর আবর্জনা টানাহেচড়া করায় আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করতেও সমস্যার সম্মুক্ষীণ হচ্ছে স্থানীয়রা।
স্থানীয় এক নারী বলেন, কারা যেন রাতের বেলা এ জায়গায় ময়লা ফেলে যায়। এগুলোর অনেক খারাপ গন্ধ হয়, কুকুর এগুলো নিয়ে টানাহেচড়া করে সারাদিন। বাড়িতে থাকতেও সমস্যা হচ্ছে।
দুলাল মিয়া নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ময়লার কারণে আমাদের বসবাসে সমস্যা হচ্ছে। এ সমস্যা সামনে আরও বাড়বে। যিনি এ জায়গা ভাড়া দিয়েছেন তাকে বলা হয়েছে। তবে ভাড়ার চুক্তি করায় তিনিও কিছু করতে পারছেন না। এর সমাধান হওয়া দরকার।
বর্জ্য ব্যবসা সংশ্লিষ্ট ফরিদ মিয়া বলেন, আমরা ওই জায়গা ভাড়া নিয়ে বর্জ্য রাখছি। তবে এতে মানুষের সমস্যা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।
জায়গা ভাড়া দেয়া আলাল মিয়া বলেন, জায়গা ভাড়া দেয়ার সময় তাদের সঙ্গে যেভাবে কথা হয়েছিলো তারা সেভাবে কাজ করছেনা। বর্জ্য ওখানে রাখলেও ওখান থেকে আবার ওগুলো সরিয়ে নেয়ার কথা ছিলো।
আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার বলেন, আমি বিষয়টি শুনেছি। ওখানে যাতে আর ময়লা না ফেলা হয় সে বিষয়ে আমি দ্রুত ব্যবস্থা নিবো।









