বারবার আশ্বাস দিয়েও সংস্কার কাজ শুরু না করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় টেবিল রেখে, টায়ার জ্বালিয়ে আবারো বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন বিজয়পুর-রাজারখোলা রাস্তা অবরোধ করেছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এ রাস্তায় প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখেন তারা।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির আইসি রিয়াজ উদ্দিনের উপস্থিতিতে মুঠোফোনে রাস্তাটির ঠিকাদার শনিবার রাতের মধ্যে কাজের জন্য প্রয়োজনীয় মালামাল আনা এবং রবিবার রাতের মধ্যে রাস্তাসংস্কার শুরুর আশ্বাস দেন। এ আশ্বাসে অবরোধ তুলে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে সোমবার থেকে পুনরায় সড়ক অবরোধের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
অবরোধ কর্মসূচিতে থাকা এক শিক্ষার্থী বলেন, আমরা এর আগেও অবরোধ করেছিলাম রাস্তা; সে সময় তারা কাজ দ্রুত শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং নিয়ম করে পানি ছিটানোর কথা বলেছিল। তবে তারা করেনি। তাই আমরা আবার অবরোধ করেছি। সামনে যদি তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে তাহলে আমরা আরো কঠোর অবস্থানে যাব।
রাস্তার ঠিকাদার আবুল কালাম আজাদ (সোহাগ) বলেন, আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে। শিক্ষার্থীদের আন্দোলনের খবর তিনি শুনেছেন। টাকা না থাকায় কাজ শুরু করতে পারেননি।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে এ রাস্তা সংস্কারের জন্য অবরোধ করে রেখেছিলেন।









