চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ চৌধুরী সড়ক। এ সড়কটি বান্দরবান পার্বত্য জেলার সঙ্গে সংযুক্ত। সড়কটি দিয়ে প্রতিদিন শতশত সিএনজি, ট্রাকসহ বিভিন্ন দূর পাল্লার গাড়ি যাতায়াত করে। শতশত শিক্ষার্থী স্কুল-মাদ্রাসায় যায়। সড়ক সংলগ্ন তিনটি সিএনজি স্টেশন রয়েছে।
এ স্টেশন দিয়ে শতশত যাত্রী সিএনজিযোগে বান্দরবান পার্বত্য জেলা কেয়াজু পাড়া এবং লোহাগাড়ার প্রসিদ্ধ হাট-বাজার এমচরহাট, কানুরাম বাজার, চরাম্বার নাফারটিলা বাজারসহ বিভিন্ন স্টেশনে যাতায়াত করেন। সড়কের দুই পাশে বহুতল অনেক ভবন রয়েছে। ভবনগুলোতে বিভিন্ন এনজিও এবং বেসরকারি অফিস রয়েছে। পাশাপাশি ভবনগুলেতে সরকারি-বেসরকারি চাকরিজীবি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসবাস করে। বর্তমান এ সড়কের অবস্থা খুবই নাজুক ও অত্যান্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ছোট-বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কটি। বয়স্ক লোকজন ও গর্ভবতী নারীদের এ সড়ক দিয়ে যাতায়াত প্রায় অসম্ভব। বৃষ্টি হলে সড়কে কোমর পর্যন্ত পানি জমে যাতায়াত বন্ধ হয়ে যায়।
এনিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। গত তিন বছর ধরে এ সড়কে কোনো উন্নয়ন কাজ হয়নি। জনগণের একটাই দাবি দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। এ বিষয়ে লোহাগাড়া উপজেলা এলজিআইডি প্রকৌশলী ইফরাদ বিন মনির জানান, রাস্তাটির টেন্ডার হয়েছে। দুই এক দিনের মধ্যে কাজ শুরু হবে।









