- সীতাকুণ্ডের ইকোপার্ক- জীবনের ক্লান্তি মুছে দেবে পাহাড়-ঝরনা
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের সীতাকুণ্ড। পাহাড় ও সাগরের এ মিলনস্থলের অন্যতম আকর্ষণ সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক বরাবরের মতোই মুগ্ধ তোলে ভ্রমণ পিপাসু পর্যটকদের। শুধুমাত্র দেশ নয় বিদেশি পর্যটকদের কাছেও প্রসংশিত ইকোপার্কের সৌন্দর্য। সারা বছরই পর্যটকের আনাগোনায় সরব থাকে এ পার্কের পরিবেশ। ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটাতে যেমন অবিরত বয়ে চলেছে সহস্রধারা, সুপ্তধারা ঝরনা তেমনি ব্যস্ত জীবনের ক্লান্তি নিমিষেই উড়িয়ে নিতে বয়ে বেড়ানো সুশীতল বাতাসের জুড়ি নেই। প্রকৃতির নিবিড় ছোঁয়া পাওয়ার জন্য হলেও পর্যটকরা এখানে একবার আসার জন্য উদগ্রীব হয়ে থাকে। পর্যটকদের তৃপ্তি দেয়ার মত ইকোপার্কের এ সৌন্দর্য অতুলনীয়।

সীতাকুণ্ড পৌরসদর থেকে দুই কিলোমিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে গেলেই সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। মহাসড়কে থেকে এক কিলোমিটার পূর্বে ইকোপার্কের প্রধান গেইট। গেইটের টিকেটঘর থেকে জনপ্রতি মাত্র ত্রিশ টাকায় কাটতে হবে টিকেট। গেইটম্যানকে টিকেট প্রদান করে প্রবেশ করতেই পার্কের নান্দনিক ভূবন। প্রবেশ করতেই পর্যটকরা পায়ে হেঁটে প্রকৃতির কোলে যাত্রা শুরু করতে পারে। তবে কেউ চাইলে গাড়ি নিয়েও প্রকৃতিকে উপভোগ করার সুযোগ রয়েছে। তবে পথযাত্রা শুরুর করার আগে নিজের সুবিধার্থে ইকোপার্ক সম্পর্কে ধারণা নিতে পারেন পর্যটন অফিস থেকে। প্রধান গেইট দিয়ে পার্কে ঢুকলেই পর্যটন অফিস। অফিসের সামনে প্রস্তর ফলকে উৎকীর্ণ আছে ইকোপার্কের মানচিত্র। সুদৃশ্য ল্যান্ডস্কেপ থেকে দর্শনীয় স্থানগুলো বাছাই করে নিতে পারেন।
বিস্তারিত জানতে বোটানিক্যাল কার্যালয়ে স্থাপিত মিনি লাইব্রেরি থেকে একটু পড়াশুনাও করে নিতে পারেন। কিছু তথ্য জানা কি ভালো নয়। অফিসের পাশেই রয়েছে অর্কিড গার্ডেন ও গোলাপ বাগান। ভ্রমণের শুরুতে কিংবা ফেরার পথে তা দেখে নিতে ভুলবেন না একদম ! কিছুদুর উঠলেই রয়েছে সুপ্তধারা জলপ্রপাত। ঝর্ণার সিগ্ধতা পেতে হলে সিঁড়ি ধরে নেমে যান পাহাড়ের তলদেশে। বেশ কিছু সিঁড়ি অতিক্রম করলেই একটি ছাউনি। সেখানে একটু বিশ্রাম নিয়ে পাহাড়ি ঢাল বেঁয়ে নিচে নামতে হবে সর্তকতার সঙ্গে। না হলে গড়িয়ে পাহাড়ের গভীর তলদেশে পড়ার সম্ভাবনা আছে।
তবে রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে হলে নিচে না নেমে উপায় নেই। তবে পাহাড়ি ছরা ধরে পাথুরে পথ ধরে পানির শীতলতা নিতে নিতে পৌঁছানো যায় ঝর্ণার একেবারে নিচে। শত ফুট ওপর থেকে অভিরাম গড়িয়ে পড়া ঝরনাতে একটু ভেজা বা উষ্ণতা আহরণের আনন্দ আলাদা। সহস্রধারা জলপ্রপাত নামে আরেকটি ঝরনা আছে ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের শেষ সীমানায়। তিনশ ফুট সিঁড়ি ভেঙে এবং কিছু পাহাড়ি পথ বেয়ে চলে যাওয়া যায় ঝরনার পাদদেশে। এখানে এসে পানির সিগ্ধ পরশ পাওয়ার লোভ সামলানো দায়। লোভ সামলাতে পারেননি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামও। তাইতো তিনি এই ঝরনার পরশ নিতে ১৯২৬ সালে ও ১৯২৯ সালে ছুটে এসেছিলেন। রচনা করেছেন তাঁর বিখ্যাত গান ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ। ঐ পাহাড়ের ঝরনা আমি উধাও হয়ে রইগো’। পাহাড়ের গায়ে প্রস্তর ফলকে উৎকীর্ণ আছে সেই পঙতিগুলো।
ঝরনা দেখে উপরে এসে কিছু খেয়ে এবং গলাটা ভিজিয়ে নিতে পারেন দোকান থেকে। দাম একটু বেশিই নেবে। কারণ পণ্যগুলো অনেক উপরে বয়ে আনতে হয় যে! পার্শ্ববর্তী পাহাড়ে উঠে ডুবন্ত সুর্য ও সমুদ্রতট দেখা যাবে পশ্চিমে তাকালে। ছবির মতো দেখতে অদুরবর্তী সমুদ্রের রূপ না দেখলে বোঝা যায় না। পার্কের উত্তর পাশেই রয়েছে চন্দ্রনাথ মন্দির। সর্বশেষে সবকিছু মিলে বলা যায় অপরূপ সৌন্দর্য্যে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ইকোপার্ক। পত্রিকাতে অথবা অনলাইনে বসে নিউজ পড়লে হবে কি? সত্যিকারে প্রাকৃতিক সৌন্দর্যের রসের সুগন্ধ পেতে, উপরে যা বললাম তা দেখতে চলে আসুন এবং ঘুরে যান যান সীতাকুণ্ডের ইকোপার্কে।
যা কিছু সুন্দর
১৯৯৬ একর পার্কটি দুই অংশে বিভক্ত। এক হাজার একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও ৯৯৬ একর জায়গা জুড়ে ইকোপার্ক এলাকা। তিনটি পিকনিক স্পট, আটটি বিশ্রাম ছাউনি সম্বলিত ইকোপার্কে রয়েছে- মেছোবাঘ, ভালুক, মায়াহরিণ, বানর, হনুমান, শুকর, বনরুই, সজারু, বনমোরগ প্রভৃতি পশু। দাড়াঁশ, গোখরা, লাউডগা, কালন্তি প্রভৃতি সাপ থাকলেও শীতকালে বের হয় কম। দুলর্ভ কালো গোলাপসহ ৩৫ প্রকার গোলাপ, জবা, নাইট কুইন, লিলি, স্থল পদ্ম, মোসান্ডা, রংগন, রাধা চুঁড়া, কামেনি, কাঠ মালতি, এলামেন্ডা, বাগান বিলাস, হাসনা হেনা, গন্ধরাজ, ফনিকা মিলে রয়েছে ১৫০জাতের ফুল।
পর্যটকদের পিকনিক কর্নার
বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কের উত্তরে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের চূঁড়ায় কয়েকটি পিকনিক কর্নার, বিশ্রামাগার, টয়লেট, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
ফুল ও ফলের বাগান
পাহাড়ের মাঝে সৃজিত হচ্ছে ফুল ও ফলের গাছের বাগান যাতে পশু-পাখি তার খাদ্য ও আবাসস্থল ফিরে পাবে। শাল, সেগুন, গর্জন, চাম্পা, আমলকি, আম, জাম, হরিতকি প্রভৃতি কাঠ, ফল ও ঔষধি বৃক্ষ আর লতা- গুল্ম মিলে আছে ১৪৫ প্রজাতির গাছ-গাছালি। বিরল প্রজাতির সাইকাস পার্কটিকে আরো সমৃদ্দ করেছে। এখানে আধুনিক গ্রিনহাউজ স্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন ১০০টি অর্কিট আছে।
কৃত্রিম হৃদ
সহস্রধারা ও সুপ্তধারা হতে বহমান জলকে কৃত্রিম বাঁধ তৈরির মাধ্যমে গড়ে উঠেছে লেক, যার পানিতে বোটে ঘুরে বেড়াবে পর্যটকরা। নৌবিহারের সময় পাখির কাঁকলি শুনতে শুনতে লেকের পাড়ে দেখা যাবে বানর, হনুমান, ভালুক গাছ থেকে গাছে ঘুরে বেড়াচ্ছে। কোথাও বা একপাল মায়া হরিণ লেকের পাড়ে নেমে এসেছে পানি পান করার জন্য।
চন্দ্রনাথ মন্দির
পার্কের ডিসপ্লে ম্যাপটি হতে ধারণা নিয়ে গাড়িতে অথবা পায়ে হেটে অনায়াসে পৌঁছে যাওয়া যায় পাঁচ কিলোমিটার দূরে চন্দ্রনাথ শিব মন্দিরে। মন্দিরে যাওয়ার পূর্বে আঁকা-বাঁকা রাস্তায় এপলকে চোখ পড়বে পাহাড়ে জন্মানো প্রাকৃতিক হৈমন্তি, লেনটোনা ও সোনালুর বাহারী ফুল অথবা দূরে সাদা কাঁশ ফুলের সমারোহ। এরই মাঝে যখন পর্যটকরা ঠিক চন্দ্রনাথ শিব মন্দিরটির নীচে এসে উপস্থিত হবে, তখন তাদের দুইশত বায়ান্নটি সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হবে। পাহাড়ের পাদদেশ থেকে মোট ষোলশত সিঁড়ি বেয়ে শিব মন্দিরে উঠতে হয়।
যেভাবে যাবেন
চট্টগ্রাম শহর থেকে বাস, মেক্সি, ট্যাক্সিতে ৩৭ কি.মি. উত্তরে এলে কিংবা সীতাকুণ্ড থেকে দুই কি.মি.দক্ষিণে ইকোপার্ক। সীতাকুণ্ড থেকে পার্ক গেইট পর্যন্ত রিকশা কিংবা ট্যাক্সিতে সর্বোচ্চ ৪০ টাকা ভাড়া নেবে। সিএনজি ট্যাক্সি নিয়ে পাহাড়ের উপরেও যাওয়া যায় তবে ভাড়া একটু দর-দাম করে নিলেই ভালো। আর নিজস্ব গাড়ি থাকলেতো কথাই নেই। বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কে প্রবেশ মূল্যে জনপ্রতি ১০ টাকা। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি ১০০জনের জন্য মাত্র ১০০ টাকা প্রবেশ ফি দিতে হবে। এক্ষেত্রে আসার আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ইর্কোপার্ক কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
কর্তৃপক্ষের বক্তব্য
এদিকে চন্দ্রনাথ পাহাড় ও ইকোপার্কের বন কর্মকর্তা রেঞ্জার মো. একরামুল হক জানায়, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ও ইকোপার্ক এন্ড বোটানিক্যাল গার্ডেন সীতাকুণ্ডের সৌন্দর্যকে আরো প্রসারিত করেছে। তবে সীতাকুণ্ডের ইকোপার্কে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষন করতে হলে এর ব্যাপক উন্নয়নের প্রয়োজন। সব মিলিয়ে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন নিয়ে যে কোন সময় ঘুরে বেড়িয়ে সীতাকুণ্ডের ইকোপার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
আনন্দবাজার/শহক











