বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে তার মৃত্যু হয়। পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে তার বাড়ি।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, শনিবার বিকেল ৫ টা ৫০ মিনিটে এ রোগীকে স্বজনরা শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এর আগে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয় তাকে। সকাল ৭ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো কিট নেই করোনা ভাইরাস শনাক্ত করার। রোগীর লক্ষণ দেখে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কে রোগীর মৃত্যুর পর বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তিকে সমাহিত করার ব্যবস্থা করা হবে।
আনন্দবাজার/এস.কে









