টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা ও শিশু মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার মধুপুরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন ও মির্জাপুরে বাস ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়।
গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রূপালী ফিলিং স্টেশনের কাছে পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মা-মেয়েসহ তিনজন নিহত হয়। নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমীন বেগম (৩১), তার মেয়ে সোহাগী(৩) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা মিনান মিয়ার ছেলে রাসেল মিয়া(২০)।
মধুপুর থানার অফিসার ইনচাজা (ওসি) তারিক কামাল বলেন, ‘মধুপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতদের লাশ থানায় আনার পর আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে জেলার মির্জাপুরে বাস ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গত শুক্রবার দুপুরে উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন জানান, সখিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও ডেলিভারি ম্যান নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আনন্দবাজার/এম.আর









