মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণজমায়েত থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে সরকারি এই নির্দেশনা না মেনেই তাড়াশ উপজেলায় বিভিন্ন পশুহাটে মানুষের মেলা বসেছে।
ক্রেতা-বিক্রেতার চেয়ে বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে পশু দেখতে আসা লোকের ভিড়ই বেশি দেখা যায় এই হাটগুলোতে। এদিকে হাজারও মানুষ জড়ো হওয়ায় ভাইরাস সংক্রমণের মতো ঝুঁকির আশঙ্কা উদ্বিগ্ন সচেতন মহল।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, করোনাভাইরাস ছড়ানোর কারণ, প্রতিকার ও তার প্রতিরোধের উপায় জানিয়ে সর্বত্রই প্রচার-প্রচারনা চালাচ্ছে পুলিশ। কিন্তু এরপরও তালম ইউনিয়নের গুল্টা হাটে পশুর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার ভিড়সহ ধুলা-ময়লার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে বেচাকেনা চলছে ।
মামুন নামের এক বিক্রেতা জানান, আমরা জানি ঝুঁকি আছে তবুও জীবিকার তাগিদে আমাদের বাজারে আসতে হয়। মনির হোসেন নামের আরেক বিক্রেতা বলেন, বাজারে কেউই স্বাস্থ্যবিধি মানছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন বলেন, পশুর হাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণে হার বাড়বে।
আনন্দবাজার/এম.কে









