বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু উদ্বোধন হলে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতির দ্বার উন্মোচিত হবে। এ অঞ্চলের জীবনযাত্রার মান উন্নত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা আ'লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে ভার্চ্যুয়ালী উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের ফরিদপুরের আ'লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ফরিদপুরে বিগত কয়েকবছরে দলের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ভালো নেই। খুবই খারাপ। এ ফরিদপুরে অনেক রক্তপাত হয়েছে। ফরিদপুরবাসী আর রক্তপাত দেখতে চায়না।
আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ফরিদপুরে আ'লীগ করে অনেকে কোটি কোটি টাকা পাচার করেছে। এদের প্রতিহত করতে হবে। এর যেন আর পুনরাবৃত্তি না ঘটে। যারা সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ তাদের কোনোভাবেই আওয়ামী লীগের নেতৃত্বে আনা যাবেনা। এছাড়া যারা আওয়ামীলীগের বিরোধিতা করে তাদেরও আওয়ামী লীগের কমিটিতে স্থান দেওয়া যাবেনা।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি প্রমুখ।









