খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্নবিত্ত কারো কার্ড না থাকলে তালিকা করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ইতিপূর্বে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছে তাদের এ তালিকার বাইরে রেখে যাদের কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করতে হবে। এক্ষেত্রে করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে প্রতিজনকে মাসিক ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে চাল দিতে বলা হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বিগত বোরো ও আমন মৌসুমে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সংগ্রহ অভিযানে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে ধান-চাল সংগ্রহ করেছেন। যে কারণে সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রাখা সম্ভব হয়েছে।
দুর্নীতি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, যদি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তবে তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিলারসহ যারাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বে ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।
আনন্দবাজার/ডব্লিউ এস









