চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীর (৪৫) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আইনাল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে তেলকুপি সীমান্ত ফাঁড়িসংলগ্ন এলাকায় মাঠে পাখি ধরার জন্য অবস্থান করছিলেন জাহাঙ্গীর। এ সময় ভারতের চুরিঅনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে জেরা করেন।
জাহাঙ্গীর বার বার তাদেরকে পাখি শিকারের কথা জনালেও বিএসএফ সদস্যরা তাকে চোরাকারবারি বলে সাব্যস্ত করতে থাকেন। এ নিয়ে বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে ধরে বেধড়ক পেটানোর পর গুলি করে হত্যা করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাদের মতো আমিও বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার কথা শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, সীমান্তে জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এর পূর্বে গতকাল শুক্রবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রিয়াজুল (৩২) নামে এক বাংলাদেশি নিহত হন।
আনন্দবাজার/এফআইবি









