মাদারীপুরে হঠাৎ বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার ৫ টি উপজেলায় বিভন্ন স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুরোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলার প্রায় প্রতিটি উপজেলায় বেড়েছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের বেশ কয়েকটি বেসরকারী হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিনে জ্বরে আক্রান্ত প্রায় ২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা, সুস্মিতা রয়।
এছাড়াও কালকিনি মর্ডান প্রাইভেট হাসপাতালেও বেশ কয়েকজন ডেঙ্গু জ্বরের রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে মাদারীপুরের রাজৈরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশ্ববর্তী বিভিন্ন বেসরকারী হাসপাতালে অনেক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এছাড়াও টেকেরহাট ইউ এস মডেল হাসপাতালে ৫ জন এবং টেকেরহাট জেনারেল হাসপাতালে ২ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় গত ১ সপ্তাহে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে আরও আনুমানিক ৫০ জন ডেঙ্গুজ্বরের রোগী। ডেঙ্গু হলে হঠাৎ করে রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মানুষ অসুস্থ হয়ে পরছে। হঠাৎ একটানা কয়েকদিন বৃষ্টির ফলে জমে থাকা পানিতে এডিস মশা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু রোগী বেড়েছে বলে মনে করছেন সংশিষ্টরা।









