নির্ধারিত মূল্যে ও নির্দিষ্ট স্থানে বিক্রয়ের জন্য সরবরাহ করা হয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ। কিন্তু কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান আইনের চোখ ফাঁকি দিয়ে কালোবাজারে বিক্রি করে টিসিবির পেঁয়াজ। এমন তথ্য পেয়ে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২) দুইজনকে আটক করেছে।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে সিটি করপোরেশন পাকা মার্কেটের সামনে আসাদুজ্জামান (৫৬) ও হুমায়ুন কবির (৪৮) নামে দুইজনকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ট্রাকভর্তি ১ হাজার ৩৬৪ কেজি পেঁয়াজ জব্দ করা হয়।
র্যাবের সূত্রে, গত ১৩ জানুয়ারি বাংলাদেশ সবিচলায়ের সামনে খোলা বাজারে মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান টিসিবি থেকে বিক্রয়ের জন্য দেড় হাজার কেজি পেঁয়াজ নেয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান ও তার সহযোগীরা নির্ধারিত স্থানে পেঁয়াজ বিক্রি না করে তাদের কাছে মজুদ করে রাখে। এরপর এসব পেঁয়াজ কারওয়ান বাজারের সামনে কালোবাজারে বিক্রি করে। এসময় র্যাব অভিযান চালিয়ে হাতেনাতে দুইজনকে আটক করে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, টিসিবির গুদাম থেকে ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য উত্তোলন করা পেঁয়াজ মজুদ করে রাখে মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এরপর কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের সময় ১ হাজার ৩৬৪ কেজি পেঁয়াজসহ দুইজনকে আটক করা হয়।
আনন্দবাজার/এম.কে








