বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে রাজধানী ঢাকাসহ অধিক সংক্রমিত জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বসাতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তবে এই চার জেলায় অনলাইনে পশু কেনাবেচার পরামর্শ দেওয়ার পাশাপাশি অন্যান্য জেলার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
গতকাল (১৫ জুলাই) কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে এ অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হচ্ছে যে কোভিড-১৯ এর সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং এ অবস্থায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবাধ জীবনযাত্রা উদ্বেগজনক। তাই ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট স্থাপন করার ক্ষেত্রে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সুপারিশ করা হলো-সংক্রমণের হার বেশি থাকায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে যেন পশুর হাট স্থাপন করা না হয়। এক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে পশু কেনাবেচার পরামর্শ দেওয়া হয়েছে।
আনন্দবাজার/এম.কে








