- এক কিলোমিটারে দুর্ভোগ
যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গায় এক কিলোমিটার সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা। গত ৩০ মার্চ সড়কটির সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষই হচ্ছে না। তবে, সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। সড়কের এ ১ কিলোমিটার সংস্কারে ব্যয় হচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা। নওগাঁর ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল হক কনস্টাকসন লিমিটেড সংস্কার কাজটি করছে।
স্থানীয়দের অভিযোগ, মাত্র এক কিলোমিটার রাস্তা মেরামত করতে দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। কোনো কারণ ছাড়াই তারা (সড়ক ও জনপথ বিভাগ) ভোগান্তি সৃষ্টি করছে। বৃষ্টি হলে প্রচণ্ড কাদা হয়। আর রোদ উঠলে ধুলায় দূষণ হয় আশপাশ। যার কারণে ব্যবসায়ীরা ঠিকভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করতে পারছে।
ঝাউডাঙ্গা বাজারের শরিফুল ইসলাম বাবু বলেন, রাস্তার পাশে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। ধূলাবালির কারণে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানের মালামাল ধূলাবালির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এসকল সমস্যার কথা কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা কোনো মূল্যায়ন করেনি। রাস্তা সংস্কারের সময় রাস্তায় পানি ঠিকমতো ব্যবহার করেনি। বর্ষা মৌসুমে বৃষ্টি না হলে ধূলাবালির কারণে ভারি যানবাহন চললে মনে হয় কুয়াশা পড়েছে। কিছুই দেখা যায় না। তাছাড়া ছোট-বড় দুর্ঘটনা তো লেগেই আছে। গেল কয়েকদিন আগে ট্রাকের চাকা নষ্ট হয়ে রাস্তা তৈরির পাথরের আঘাতে তিনজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছিলেন। ভোগান্তি থেকে রেহাই পেতে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজামউদ্দিন এ প্রতিনিধিকে বলেন, বর্ষাকালে আমরা বিটুমিনের কাজ করি না। সে কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে।









