- ৫ বছরে উদ্ধার ৩৩ মৃত ডলফিন
- মৃত্যুর কারণ অজ্ঞাত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল আলমের নেতৃত্বে প্রশাসনের লোকজন ও নৌ পুলিশ হালদা নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করে। হালদা নদীর আকবরিয়া এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। তবে পঁচে যাওয়ায় ডলফিনটির মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। পরে ডলফিনটি নদীতীরে মাটিচাপা দেওয়া হয়েছে।
এ পর্যন্ত গত পাচঁ বছরে হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বিপন্ন গাঙ্গেয় প্রজাতির এসব ডলফিনের মৃত্যুর সঠিক কারণ বরাবরই অজ্ঞাত থেকে যাচ্ছে। প্রশাসন মৃত্যুর কারণ উদঘাটনে গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে।
সর্বশেষ গত ২৪ অক্টোবর হালদা নদীর গড়দুয়ারা এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত অতি বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মিঠাপানির এ ডলফিন হালদা নদীতে সীমিত সংখ্যক রয়েছে। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে ৩২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত হালদা নদীতে প্রায় ৫ বছরে মোট ৩৩টি ডলফিনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ডলফিনটির দের্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। তবে পঁচে যাওয়ায় এর মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কমকর্তা শহিদুল আলম বলেন, ঠিক কি কারণে ডলফিনটি মারা গেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞ মহলের অভিমত কর্ণফুলিতে ইঞ্জিন চালিত নৌযানে আঘাত লেগে আহত হয়ে, হালদার ব্লকে আঘাত লেগে কিংবা অন্য কোন কারণে ডলফিনটি মারা যেতে পারে। তবে ঠিক কি কারণে একের পর এক ডলফিন মারা যাচ্ছে তার সঠিক কারণ জেনে তা রোধ করার জন্য গবেষণা দরকার রয়েছে।









