সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ যদি জড়িত থাকে, সে যে দলেরই হোক না কেন তদন্ত সাপেক্ষে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের জানাজা শেষে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, চট্টগ্রামে আমাদের উচ্চ পর্যায়ের তদন্ত টিম কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার গাফিলতি, কোনো উদ্দেশ আছে কি না, কেউ পুড়িয়েছে কি না কিছুই বলা যাচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, না হলে এতগুলো প্রাণ যায় না। সেটা আমি বিশ্বাস করি।
তারা (ফায়ার ফাইটার) যে অকুতোভয় সেটা তারা সব সময় প্রমাণ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র বলেন, এখন পর্যন্ত আমরা ৪১টি মরদেহ পেয়েছি। এখনও ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আটকে আছে। আমরা এখনও কোনো কিছু ক্লিয়ার না। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সে বিষয়ে আমরা এখনও জানতে পারিনি। আমাদের শুধু নিহত নয়, আহত এখনও ১৫ জন রয়েছেন। তারা সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের জন্য দোয়া চেয়েছি।
ঘটনার সঙ্গে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে তাহলে আপনারা নমনীয় হবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কি কখনো দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন। সংসদ সদস্যকেও ছাড় দেননি। আমাদের মেসেজ স্পষ্ট, যদি কারও সম্পৃক্ততা এবং কারও গাফিলতি পাওয়া যায় অবশ্যই তাদের শাস্তি পেতে হবে।









