দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের দেহে এর সংক্রমণ শনাক্ত হয়েছে যা সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯০ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী, সবাই ষাটোর্ধ্ব। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুজন ও রাজশাহী বিভাগের একজন।
২৯ সেপ্টেম্বর ১ হাজার ১৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনের। গত ২৪ ঘণ্টায় আশঙ্কাজনক হারে বেড়েছে শনাক্ত হার। এই সময়ে ৮৫২টি ল্যাবে ২১ হাজার ২৯১ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ২০। এর চেয়ে বেশি শনাক্তে হার ছিল গত ২৮ সেপ্টেম্বর। সেদিন শনাক্তে হার ছিল ৪ দশমিক ৪৯।
করোনা থেকে একদিনে সুস্থ হয়েছেন ২১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক-এডিজি সেব্রিনা ফ্লোরা বলেছেন, যারা দুই ডোজ নিয়ে বুস্টারের ম্যাসেজ পেয়েছেন তারা চাইলে ঢাকার বাইরে থেকেও বুস্টার ডোজ নিতে পারবেন।
তিনি বলেন, কোনো ব্যক্তি যদি দুই ডোজ টিকা নিয়ে থাকনে তাহলে তিনি যেখানে থাকেন সেখান থেকে বুস্টার ডোজটা নিয়ে নিতে পারেন। কিন্তু তিনি যে কেন্দ্রের নামে রেজিস্ট্রেশন করেছিলেন সেই কেন্দ্র থেকে এসএমএস পেতে হবে। এটি পেলে তখন তিনি টিকা কেন্দ্রে গেলে টিকাটি পাবেন। এক্ষেত্রে এক জেলার থেকে অন্য জেলার মধ্যে এটা করা সম্ভব। কিন্তু ঢাকার মধ্যে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এদিকে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছেন করোনার নতুন ঢেউ ঠেকাতে এখনই পদক্ষেপ না নিলে বছরজুড়েই চড়া মূল্য দিতে হবে।
সচিব বলেন, যে কোনো সময় পেয়ে যাবেন নির্দেশনা। গণপরিবহনে অর্ধেক সিটির কথা বলেছে কমিটি। হোটেল বা রেস্টুরেন্টে খেলে টিকা নেওয়ার কার্ড দেখাতে হবে। আমি গণমাধ্যমের মাধ্যমে অনুরোধ করছি আপনারা সবাই ভ্যাকসিন নিয়ে নেন যারা এখনো নেননি। আগামী দুই মাস সংক্রমণের লাগাম টানতে না পারলে পরবর্তীতে চড়া মূল্য দিতে হবে বলেও জানায় অধিদপ্তর।









