করোনা মহামারি বিশ্বেজুড়ে ছড়িয়ে পরার এমন সময়ে সারাদেশে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রাজধানী ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে আজ সোমবার (৮ জুন) এ রিট পিটিশন দায়ের করা হয়। উক্ত রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), দেশের সব শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটের পক্ষে এডভোকেট সাইফুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতন আদায় স্থগিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে গত ১৯ মে বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেয়ায় রিটটি করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবির অবস্থা চলছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার পেশাজীবী ও চাকরিজীবী।
বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিলের ক্ষেত্রে বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। ব্যাংক ঋণের বিষয়ে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেনিফিট গ্রহণ না করতে। বিভিন্ন সেক্টরে সরকার প্রণোদনা দিচ্ছে। এপরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবিকা নির্বাহ করাটা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের মাসিক বেতন পরিশোধের তাগিদ দিয়ে নোটিশ দেয়া হচ্ছে। এসব কারণেই এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে আদায়যোগ্য মাসিক বেতন স্থগিত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা প্রয়োজন।
আনন্দবাজার/তা.তা









