পৌরসভার সরবরাহকৃত পানিতে বিচরণ করছে পোকা। চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার সরবরাহকৃত পানিতে গত ২ দিন ধরে ছোট ছোট পোকা আসছে। এতে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ জনগণ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল থেকে সরবরাহকৃত পানিতে এই ছোট ছোট পোকা পাওয়া যাচ্ছে। সকালে ব্যাপারটি শহরের ঝিলিম রোড এলাকার তোফিকুল ইসলাম নামে এক শিক্ষক প্রথমে লক্ষ করে আশপাশের লোকজনকে জানালে সেটি অনেকেরই নজরে আসে। দুপুরেও অনেকের বাড়ির পানিতে এই ধরণের পোকা পাওয়া যায়।
এতে ব্যাপক আতংকিত হয়ে গতকাল থেকে ওই পানির ব্যবহার ও পান করা থেকে বিরত রয়েছেন। এ নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ইতোমধ্যে অনেকেই পৌরসভার সরবরাকৃত পানি পান করা ছেড়ে দিয়েছেন। তারপরও ব্যবহারের পানিতে পোকা পাওয়ার ব্যাপারটি উদ্বেগজনক।
অনেকেই অভিযোগ করে জানান, পানির মিটার বসিয়ে পানির বিল বাড়ানো হলেও সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। ব্যাপারটি পৌর মেয়রকে জানানোর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পানি বিভাগের লোকজন এসে শহরের ঝিলিম রোড মহল্লার নানা বাড়িতে যান। এসময় তাদের পোকার কথা বলা হলে তা সেটি মানতে রাজি না হয়ে পানির পাইপে লিকেজ আছে বলে দাবি করেন এবং আবার পোকা পাওয়া গেলে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে ফিরে যান তারা।
এদিকে আজ বুধবার দুপুরে আবারও পানিতে পোকা পাওয়া যায়। পরে পৌর কর্তৃপক্ষ এসে পোকাসহ পানি সংগ্রহ করে নিয়ে যান। এ প্রসঙ্গে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার পানির পাইপে তেমন কোন ত্রুটি নেই। তবে কারও বাড়ির পাইপে লিকেজ থাকতে পারে। এজন্যই পানিতে পোকা আসছে বলে তিনি দাবি করেন।
আনন্দবাজার/এইচ এস কে









