জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ২১ ও ২২ মার্চ দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে। দুই ম্যাচের এ সিরিজে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়ে একঝাঁক তারকা ক্রিকেটার খেলবেন।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এশিয়া একাদশের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে একটি তালিকা আমরা পেয়ে গেছি। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত বিশ্ব একাদশের জন্য ১১ জনের লিস্ট পেয়েছি। সেখানে আরও ৩-৪টি নাম আসতে পারে।
পাপন বলেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য অপেক্ষা আছি। তবে অন্যান্য দেশ থেকে ক্রিকেটার আসা মোটামুটি চূড়ান্ত হয়েছে। এদিকে পিএসএল চলছে, আশা করছি, ২-১ দিনের মধ্যেই তা চূড়ান্ত করতে পারবো।
এশিয়া একাদশের চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। আর বিদেশি ক্রিকেটার হলেন- থিসারা পেরেরা ও লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা), রশিদ খান ও মুজিব-উর রহমান (আফগানিস্তান), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিশভ পন্থ, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব (ভারত)। এ ছাড়া নেপালের সন্দ্বীপ লামিচানেও থাকছেন।
এশিয়া একাদশ স্কোয়াড: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, সন্দ্বীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুজিব-উর রহমান।
আনন্দবাজার/এম.কে









