বাধ্যতামূলক ছুটি শেষ হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ মার্চ) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন সাহায্য আসার কথা জানিয়ে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণ সফলভাবে সীমিত রাখা হয়েছে। ৪ এপ্রিল সাধারণ ছুটি শেষ হওয়ার পর সাধারণ জনগণ যখন গ্রাম থেকে ফিরবেন তখন যেন আবারো করোনা সংক্রমণ না হয়, সে বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। এর আগে বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং নতুন করে কেউ মারাও যাননি বলে জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
আনন্দবাজার/তা.তা









