এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেল হয়ে সহজেই, তাৎক্ষণিকভাবে রেমিটেন্স গ্রহণ করতে পারবেন বিকাশ গ্রাহকরা। বিশ্বের অন্যতম বৃহৎ মানি ট্রান্সফার কোম্পানি মানিগ্রামের সঙ্গে বিকাশের অংশীদারত্বের ফলে এই সুযোগ পাবে গ্রাহকরা।
আজ সোমবার গণমাধ্যমগুলোতে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী অন্যতম প্রতিষ্ঠান বিকাশ।
সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিগ্রামের মাধ্যমে রেমিটেন্স পাঠানো সহজ ও সাশ্রয়ী। প্রবাসীরা অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাংকিং চ্যানেল হয়ে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানো যাবে। মানিগ্রাম থেকে টেকনোলজি এগ্রিগেটর কোম্পানি ‘থিউনস’-এর সহযোগিতায় ব্যাংকিং চ্যানেল হয়ে শেষ ধাপে বিকাশে টাকা আসার এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় মুহূর্তেই, ফলে প্রবাসীর পাঠানো টাকা সহজেই পেয়ে যান দেশে থাকা প্রিয়জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের ৯টি বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে ৫০টির বেশি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে রেমিটেন্স আসছে বিকাশ অ্যাকাউন্টে। প্রবাসীদের প্রিয়জনেরা তাদের বিকাশ অ্যাকাউন্টে আসা রেমিটেন্সের অর্থ প্রয়োজন অনুসারে ক্যাশ আউট করা, সেন্ড মানি করা, পেমেন্ট দেওয়া, সব ধরনের পরিষেবার বিল পরিশোধ, ব্যাংক টু বিকাশ টাকা ট্রান্সফার, মোবাইল রিচার্জসহ আরও বহু প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
আনন্দবাজার/এম.আর









