নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে স্কুল ছাত্রীর মাথার চুল কেটে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
সোমবার দুপুরে পুলিশ অভিযুক্ত আসামী রায়হানকে গ্রেফতার করে। আজ বুধবার(২৩ সেপ্টেম্বর)ভোরে মান্দা উপজেলা থেকে নির্যাতনের ওই ঘটনার প্রধান আসামী রায়হানের স্ত্রী রুপালী আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত রায়হান ওই ছাত্রীকে প্রায়ই রাস্তায় উত্যক্ত করতো। প্রতিবাদ করায় গত সোমবার বিকেলে উপজেলার সদর ইউপির বালাহৈর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় রায়হানসহ কয়েকজন বখাটে।
এরপর রায়হান ও তার স্ত্রী রুপালী আক্তার ওই ছাত্রীর মাথার চুল কেটে নেয়। এছাড়া শারিরীক নির্যাতন চালিয়ে মোবাইলে সেই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করে, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
এদিকে থানায় মামলা করার পর অভিযুক্ত রায়হান ও তার স্ত্রী রুপালী আক্তারকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে রায়হান ও তার স্ত্রী নির্যাতনের কথা শিকার করেছে। অন্য আসামীদের গ্রেফতার করতে তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
আনন্দবাজার/এম.কে/ইমরান









