উপকূলে পানি সংকট নিরসনে
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং পিটারসন কন্ট্রোল ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে লিডার্স পুরাতন অফিসে পানি বিশুদ্ধকরণ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে পানি বিশুদ্ধকরণ প্লান্টের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।
জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে বংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকট বেড়েছে। লবণাত্ততা বৃদ্ধি এই সংকটকে আরও তীব্রতর করে তুলেছে। উপকূলীয় এলাকায় সরকারী বেসরকারীভাবে যেসকল পানি প্রযুক্তি স্থাপন করা হয়েছে সেগুলি উৎস্য নষ্ট হওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ জটিলতার কারণে পানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদে কার্যকরী হচ্ছে না। এ মূহুর্তে রিভার্স অসমোসিস লবনাক্ত পানিকে নিরাপদ পানি হিসাবে পানযোগ্য করার একটি সফল কার্যকরি পানি প্রযুক্তি। উপকূলীয় এলাকার পানি সংকট প্রবণ এলাকার মধ্যে মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ‘পিটারসন কন্ট্রোল ইউনিয়ন’ এর আর্থিক সহযোগিতায় একটি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এ পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর মাধ্যমে প্রতিদিন ৪০০০ লিটার সুপেয় পানি জনগণের মাঝে সরবরাহ করা সম্ভব হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপকূলে পানি সংকট প্রকট। পানি সংকট এলাকায় পিটারসন কন্ট্রোল ইউনিয়নকে আরও পানি প্রযুক্তি স্থাপন করার জন্য আহবান করছি। উপকূল এলাকায় পানি কিন্তু কিনে খেতে হয় এবং দূর্যোগের সময় এই সংকট আরও বেড়ে যায়। লিডার্স উপকূলের মানুষের জন্য ভালো কাজ করছে। লিডার্স এর যোগাযোগের মাধ্যমে এমন উন্নয়ন কর্মকান্ড অব্যহত থাক এই প্রত্যাশা করছি।









