নতুন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল শপথ নেবেন আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায়। বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের ব্যাপক প্রস্তুতি চলছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ফরিদুল হক খান দুলাল। বর্তমানে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
ফরিদুল হক ১৯৫৬ সালের ২ জানুযারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হাবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম। তিনি পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ১০ম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।
আনন্দবাজার/ডব্লিউ এস









