সম্প্রতি বাংলাদেশে চীনা বিনিয়োগ ও শুল্কমুক্ত রফতানি নিয়ে অনাকাঙ্খিত প্রতিবেদন তৈরি করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। এতে বাংলাদেশকে খয়রাতি বলায় ওই সব প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল নিন্দার ঝড় ওঠে। যদিও এরপরে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা নিঃশর্ত ক্ষমা চায়।
তবে ক্ষমা চাওয়ার পরও ফের বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে সংবাদমাধ্যমটি। এবার তারা সীমান্তে বাংলাদেশিদের ও দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়ে অপপ্রচারমূলক খবর প্রকাশ করেছে।
গত সোমবার (৭ জুলাই) পত্রিকাটির ভারতের রানি নগর প্রতিনিধি সুজাউদ্দীন বিশ্বাসের পাঠানো একটি প্রতিবেদন ‘অরক্ষিত জমিতে পা পড়ছে বাংলাদেশির’ এমন শিরোনামে প্রকাশ করে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ভারতের মুর্শিদাবাদের ডোমকল মহকুমার সীমান্তে কয়েক হাজার একর জমি বিজিবির সহায়তায় বাংলাদেশ দখল করে নিয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় আবাদি মানুষদের চাষাবাদ করতে না দেয়ায় বাংলাদেশিরা বিনা বাধায় জমি দখল করে চলেছে। তাদের অভিযোগ ভারতীয় চাষিদের ওই জমিতে চাষ করাই লাটে উঠেছে।
আনন্দবাজারের খবরে আরও জানানো হয়, কখনও কখনও মাঠ থেকে ভারতীয় চাষীদের তুলে নিয়ে গিয়ে বিজিবি নাকি আটকে রাখছে। এছাড়াও প্রতিবেদনে স্থানীয় গ্রামবাসীর উদ্ধৃতির নামে বিজিবির বিরুদ্ধে বিষেদগার করা হয়েছে। তারা এক গ্রামবাসীর বক্তব্যে লিখেছেন, পদ্মায় মাছ ধরার ক্ষেত্রেও ভারতীয়দের বাধা দিচ্ছে বিজিবি।
আনন্দবাজার/এম.কে









