সিলেটের পর মৌলভীবাজার-----
- মৌলভীবাজারের উন্নয়নে জেলা প্রশাসকের ১০ প্রস্তাব
সিলেটের পর এবার মৌলভীবাজার শহরের বিদ্যুৎ লাইনগুলো মাটির নিচ দিয়ে যাবে। জেলা প্রশাসক সম্মেলনে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের উত্থাপিত এমন প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, গত ১৮ থেকে ২০ জানুয়ারি তিনদিনের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ে মৌলভীবাজারের উন্নয়নে ১০টি প্রস্তাব উপস্থাপন করেন জেলা প্রশাসক। প্রস্তাবনার মধ্যে ছিলো, সড়কের পাশে অপরিকল্পিতভাবে বিদ্যুতের খুঁটিস্থাপন ও তার ঝুলানো রোধকল্পে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ। এ প্রস্তাবের পক্ষে গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন করেন জেলা প্রশাসক।
তিনদিনের জেলা প্রশাসক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে প্রথমদিনের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবনার বিষয়ে জেলা প্রশাসক বলেন, অপরিকল্পিতভাবে সড়কের পেভমেন্ট এজ ঘেঁষে বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও তার ঝুলানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ লাইনগুলো জটিল ও ঝুঁকিপুর্ণ হওয়ায় লাইন মেরামত ও সংরক্ষণ কাজ এবং লাইননির্মাণ দিন দিন কঠিন হয়ে পড়ছে। সড়ক সম্প্রসারণ ও উন্নয়নকাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি অপসারণে প্রশাসনিক জটিলতা দেখা দেয়।
মাটির নিচে বিদ্যুতের তার নির্মাণ করা হলে সিস্টেম লস কমবে। শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনা কমবে। সড়কের পাশে অপরিকল্পিতভাবে স্থাপিত খুঁটি অপসারণে সরকারি অর্থ অপচয় কমবে।
জেলা প্রশাসক আরও জানান, মাটির নিচে বিদ্যুতের লাইন নেওয়ার এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে মৌলভীবাজারসহ কয়েকটি জেলায় এ প্রকল্প নেওয়া হবে।
আনন্দবাজার/এম.আর









