ঐতিহাসিক ৭ই মার্চ পালন
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এ দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়। গতকাল সোমবার দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠান নিয়ে আনন্দবাজার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চের সুবর্ণ জয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। সকালে প্রথমে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও জেলা পুলিশ ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা আওয়ামী লীগ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, শেখ শুকুর আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।
খুলনা ব্যুরো: খুলনায় যথাযোগ্য মর্যাদায় দিবসিট পালিত হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগ সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে। সকাল ৮টায় খুলনা বেতারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ নেতৃবৃন্দ। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন করেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসের শুরুতে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়ট) ‘দুর্বার বাংলা’ এবং ‘শহিদ মিনার’ এ শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সলর প্রফসর ড. কাজী সাজ্জাদ হাসান, উদযাপন কমিটির সভাপতি প্রফসর ড. বাসুদব চদ্র ঘোষসহ শিক্ষকবৃন্দ।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। সকাল ৮টায় মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অলোচনা সভার অয়োজন করা হয়। সকালে খাগড়াছড়ি শহর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নির্মলেন্দু চৌধুরীর নেতৃতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। টাউনহলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় এমপি। জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন প্রমুখ।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ও বিকেলে পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে পৌর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর প্রতিনিধি: সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সরকারি-বেসরকারি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষে পূষ্পমাল্যা অর্পণ করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ও মেহেরপুর জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। পরে পুলিশ সুপার রাফিউল আলমের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ এম এ মতিন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহি অফিসার বিপুল কুমার, সহকারি কমিশনার আশরাফুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ।
টাঙ্গাইল প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক (বীর প্রতীক) ও খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন। এর আগে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শহীদ স্মৃতি পৌরউদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও বিভিন্ন কর্মসূরি মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলালা প্রশাসনসহ সরকারি বিভিন্ন কার্যালয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. নেছার উদ্দিন, কৃষি অফিসার মোনালিসা ইয়াসমিন সুইটিসহ উপজেলা প্রশাসনে কর্মরত অন্যান্য কর্মকর্তারা শ্রদ্ধা জানান।









