প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সুন্দরবনের কোল ঘেঁষা উপকূলীয় উপজেলা খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ৩৬ লাখ টাকার ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করেছে চিকিৎসকদের সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন।
উপহার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে রয়েছে চাল ২০ কেজি, চিনি ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পোলাও চাল এক কেজি, ছোলা দুই কেজি, মুড়ি দুই কেজি, দুধ এক প্যাকেট, ডাল ২ কেজি, সেমাই এক কেজি, লবণ এক কেজি, গুঁড়া মরিচ ৪০০ গ্রাম, হলুদ গুঁড়া ৪০০ গ্রাম ও সাবান ৩ পিস।
১৫ এপ্রিল সকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী গাজীপাড়া বাঁধের উপর ও ১৩ এপ্রিল শ্যামনগরের উত্তর আটুলিয়া কাছারি ব্রিজ সংলগ্ন মাঠে এ খাদ্য সামগ্রী তুলে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে উপকূলের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। কয়রার এক উপকারভোগী বলেন, ছোটবেলা থেকে খেটেই বেড়ে হয়েছি । আমাদের শরীর আরাম পায়নি কোনদিন । তবে বয়স হয়ে যাওয়াতে আর আগের মত কাজ করতে পারিনা । ঘরে খাবার নাই । এক মাসের জন্য স্বস্তি দিলা তোমরা। ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ড. নাজমুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দরিদ্র মানুষগুলোর অসহায়ত্ব কাটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আট জেলার চার হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সংগঠনটি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ২ লাখ টাকা ব্যয়ে ৫৬টি ড্রাম দিয়ে তৈরি ৩৫০ ফিট দৈর্ঘ্যের একটি ভাসমান সেতু নির্মাণ করে দিয়েছে। ফলে প্রতিনিয়ত দুর্যোগে বিধ্বস্ত প্রতাপনগরের দুর্গত মানুষের চলাচলের কষ্ট লাঘব হয়েছে।









