প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে সারাদেশে। দেশের এমন অবস্থায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ২৬ এপ্রিল পর্যন্ত মানবিক সহায়তা হিসেবে তিন কোটি ৮১ লক্ষ ৫৮ হাজার ২৬৮ জন অর্থাত ৭০ লাখ ৬৭ হাজার ৯৩০টি পরিবারের কাছে সরকারের চাল ও নগদ টাকার সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া শিশুদের জন্যও আলাদাভাবে ত্রাণ দেওয়া হয়েছে।
২৭ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য অধিদফতরের দেওয়া এক তথ্যে এসব বলা হয়।
সেখান থেকে জানা যায়, করোনার কারণে দেওয়া ছুটি পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এক লাখ ৪ হাজার ৪৩৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ৮০ হাজার ৭৮০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। এই পর্যন্ত দেশের ৬৪ জেলার জন্য ৪৩ কোটি ৮০ লক্ষ ৮৯ হাজার ১৬৪ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩৬ কোটি ১১ লক্ষ ৬১ হাজার ৭৪৫ টাকা বিতরণ করা হয়েছে। তাছাড়া আলাদাভাবে শিশুখাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ ১০ কোটি ৬৫ লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে ব্যয় হয়েছে ছয় কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪৪৪ টাকা।
এদিকে পরিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী ৪৯৮টি ট্রাকে করে সাশ্রয়ী দামে এক হাজার ৬০০ মেট্রিক টন নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রয় করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা, পেয়াঁজ ইত্যাদি।
আনন্দবাজার/এস.কে








