মেসি, রোনালদিনহোকে পেছনে ফেলে দুবাইয়ে গ্লোব সকার এওয়ার্ড অনুষ্ঠানে চলতি শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবং শতাব্দীসেরা কোচ নির্বাচিত হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ম্যানেজার পেপ গার্দিওলা।
রবিবার রাতে হওয়া এ অনুষ্ঠানে চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচোকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন রোনালদো। শতাব্দীসেরা খেলোয়াড়ের এ পুরস্কারের দৌড়ে ছিলেন মিসরের মোহামেদ সালাহও।
তবে এবার সবাইকে পেছনে ফেলে ২০০১ থেকে ২০২০ পর্যন্ত সময়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদোই। পুরস্কারের জন্য বিবেচিত এ সময়ে রোনালদো জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা, জুভেন্টাসের হয়ে দুটি সিরি আ, দেশের হয়ে একটি ইউরো কাপ ও উয়েফা নেশনস লিগসহ অনেক শিরোপা।
সশরীরে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করার সময় রোনালদো বলেন, যেকোনও স্বীকৃতি পাওয়াই অনেক আনন্দের বিষয়। লম্বা সময় ধরে সাফল্যের শীর্ষে থাকা খুব সহজ কাজ নয়। আমি সত্যিই গর্বিত। তবে দল, ভালো কোচ এবং ক্লাব ছাড়া আমার এ সফলতা সম্ভব ছিল না।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, আজকের পুরস্কার পাওয়ার চেয়ে বেশি খুশি আর হতে পারে না। পেশাদার ক্যারিয়ারের ২০ বছর পূর্তিতে এমন একটা পুরস্কার সত্যিই আনন্দের। গ্লোব সকার প্লেয়ার অব দ্য সেঞ্চুরি- অনেক গর্বের সঙ্গে এ স্বীকৃতিটা গ্রহণ করছি আমি।
আনন্দবাজার/টি এস পি









