সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে নওগাঁর নিয়ামতপুরের মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। উপচেপড়া ভিড় দেখা গেছে সদরের বিভিন্ন বিপণি বিতান, কসমেটিকস ও শাঁখা সিঁদুরের দোকানগুলোতে। পূজা শুরুর আগ মূহুর্তে চলছে প্রতিমা সাজানোর শেষ প্রস্ততি। পূজা উপলক্ষে কাপড়ের মার্কেটগুলোতে নারীদের জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রংয়ের থ্রি-পিস, জামদানি শাড়ি, কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি।
ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের ধুতি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি- শার্ট, প্যান্ট। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বাহারি পোশাক। মঙ্গলবার সকালে নিয়ামতপুরের মার্কেটগুলো ঘুরে দেখা যায় কেউ শাড়ি কিনছে, কেউ পাঞ্জাবি, কেউ আবার কিনছে জুতা। প্রায় সবার হাতেই ছিল শপিং ব্যাগ। নারীরা পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন চুড়ি, গলার হারসহ নানা রকম অলঙ্কার। পোশাকের পাশাপাশি মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়িসহ অন্যান্য অনুষঙ্গ বেশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানিরা।
নিয়ামতপুর বাজারে আসা ত্রেতা কুমারী রানী বলেন, বিগত বছরগুলোতে বৈশ্বিক মহামারীর কারণে স্বাচ্ছন্দ্য মতো মার্কেট করতে পারি নি। এখানে এসে এবার নিজের জন্য শাড়ি, শাঁখা সিঁদুর, মেয়ের জন্য লেহেঙ্গা ও জুতা ও মা বাবার জন্য শাড়ি, লুঙ্গি, ধুতি নিলাম। তবে গত বছরের তুলনায় এবার কাপড়চোপড়ের দাম একটু বেশি। সামনে যেহেতু পূজা এজন্য দাম একটু বেশি হলেও সব জিনিস নিতে হচ্ছে। দোকান মালিকরা বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এখন আর আগের মতো বিক্রি হয় না। চাহিদা থাকা সত্ত্বেও মানুষ পোশাক কম কিনছে। তবে গত বছর করোনায় বিক্রি মন্দের দিকে ছিল, এবার একটু ভালো বিক্রি হচ্ছে।









