গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে রামসাগর এক্সপ্রেস ট্রেন আটকে রেখে প্রথম ও দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দফায় দফায় ট্রেনটি আটকে রেখে মানববন্ধন করলেও কোনো আশার বাণী পাচ্ছেন না এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে ট্রেনটি এ স্টেশন অতিক্রমের সময় লাইনে দাঁড়িয়ে অবস্থান নেন এলাকাবাসী। এসময় চালক ট্রেনটি থামাতে বাধ্য হন। প্রায় ১৫ মিনিট ট্রেনটি আটকে রাখা হয় বলে জানা গেছে।
এর আগে গত বুধবার (৩০ আগস্ট) সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেন আটকে মানববন্ধন করেন স্থানীয়রা। পরে একইদিন দিনগত রাত দেড়টার দিকে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
হাসানগঞ্জ বাজার উন্নয়ন কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিককর্মী শাহাবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অল্প সময়, কম খরচ আর খুব সহজেই পীরগাছা কলেজ, রংপুর বিভাগীয় শহর ও শিক্ষাবোর্ড দিনাজপুরে যাতায়াত করা যাবে রামসাগর এক্সপ্রেসে করে। ফিরতি পথে আবার জেলা শহর গাইবান্ধায় যাওয়া যাবে। সে কারণে হাসানগঞ্জ রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
দীর্ঘ ১২ বছর পর গত মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে জেলার বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।









