- সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ৪
- ট্রাকে ছিলো ৬০ ড্রাম সয়াবিন তেল
নরসিংদীর শিবপুরে র্যাব পরিচয়ে ট্রাকভর্তি ৬০ড্রাম সয়াবিন তেল ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি থানার শংকরপুর উত্তর গ্রামের ওমর ভুঁইয়ার ছেলে রুবেল রানা(২৮), পটুয়াখালী সদর থানার কেওবনিয়া এলাকার সোবান শিকদারের ছেলে লিটন(৩৭), ঢাকার খিলগাঁও নন্দীপাড়া বটতলা মাইজপাড়া এলাকার সচিন্দ্র সরকারের ছেলে বিজয়(২৫) ও শেরপুরের শ্রীবর্দি এলাকার মিন্টু মিয়ার ছেলে আলামিন (২৭)। তাদের দেয়া তথ্যমতে লুট হওয়া তেল উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, কিশোরগঞ্জের এক তেল ব্যবসায়ীর কেনা ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে কিশোরগঞ্জে ফিরছিল। পথে নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় একটি নোয়া মাইক্রোবাস ট্রাকটির গতিরোধ করে। এসময় ওই গাড়ি থেকে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন নেমে র্যাব পরিচয়ে ট্রাকের চালক ও হেলপারকে তাদের গাড়িতে উঠায়। পরে তাদেরকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে ট্রাক অন্যত্র নিয়ে তেল লুট শেষে ট্রাকসহ চালক ও হেলপারকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে যায়। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি শিবপুর থানায় ডাকাতির মামলা হয়।
মামলা করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও ডাকাতি হওয়া স্থানের সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে ডাকাতিতে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে শেরপুরের নকলা থানার নকলা বাজারের মেসার্স ওয়ামামা ওয়েল মিলের ভেতর থেকে ২৩টি ড্রাম ভর্তি ৪ হাজার ৭ শত লিটার পামওয়েল সয়াবিন ও ৩৭টি খালি ড্রাম উদ্ধার করা হয়। এসময় ওই মিলের মালিক স্থানীয় ওয়ালী উল্লাহ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে তেল কেনার কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আন্ত:জেলা ডাকাতদলের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, ওয়াকিটকি, সিগন্যাল লাইট ও অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে তেল, রড ও চাল ভর্তি ট্রাক ডাকাতি করে থাকে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।









