দেশ-বিদেশে সুখ্যাতি অর্জন করা অষ্টগ্রামের পনির এখন গোটা কিশোরগঞ্জের ঐতিহ্যের অন্যতম স্মারক। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পছন্দের খাদ্য তালিকায়ও রয়েছে এ পনির। এতে প্রায় নিয়মিতই অষ্টগ্রামের পনির যায় বঙ্গভবন; এবং সেখান থেকে গণভবনেও। ফলে অষ্টগ্রামে বেড়েছে পনিরের কদর।
কয়েক বছর আগেও পনিরের কারিগর ও ব্যবসায়ীরা ছিল হাতেগোনা। কিন্তু গত দুই বছর ধরে পনিরের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পনিরের কারিগর ও ব্যবসায়ী বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি অষ্টগ্রাম সদর ইউনিয়নের কয়েকটি এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০০ বছরেরও বেশি সময় ধরে অষ্টগ্রামে পনির তৈরি হয়ে আসছে। মোঘল আমলে এখানে আসা দত্ত পরিবারের হাত ধরে পনির তৈরি শুরু বলে জনশ্রæতি রয়েছে। ১৯৬০ সালে প্রায় বাড়িতেই তৈরি করা হতো পনির। ওই সময় অষ্টগ্রামে পুরোদস্তুর পনির ব্যবসায়ী ছিলেন ৩০ থেকে ৩৫ জনের মতো। তাদের তৈরি পনির তখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে যেত।
হাওরে অলওয়েদার সড়ক নির্মাণ হওয়ার পর থেকে হাওরের অপরূপ রূপ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসছে। তারা অষ্টগ্রামের ঐতিহ্যবাহী পনির কেনেন। এ ছাড়া অনলাইনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পনিরের অর্ডার আসে। পনিরের চাহিদা বেড়ে যাওয়ায় অষ্টগ্রামে কারিগর ও ব্যবসায়ী বৃদ্ধি পেয়েছে।









