- পারিবারিক কলহের জেরে
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল দক্ষিণপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সাখাওয়াত হোসেন বন্দি(৫২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহত বন্দির দুই ছেলে রুবেল(২২) ও রাকিবকে (১৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে রাকিবকে ছেড়ে দিলেও রুবেল এখনো থানা পুলিশের হেফাজতে আছে।
এ বিষয়ে নিহত বন্দির বোন হোসনে আরা খাতুন ও সাদিয়া খাতুন জানান, এদিন দুপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলে রুবেলের বউ আলপনা খাতুনের সঙ্গে শ্বাশুড়ি রেবা খাতুনের ঝগড়া হয়। খবর পেয়ে একই গ্রামের বাসিন্দা আলপনার বাবা আলতাব হোসেন(৫৫), মা শিফু খাতুন, ভাই সাগর(১৮) ছুটে এসে রেবা খাতুনকে মারপিঠ করতে থাকে। এ সময় তাকে উদ্ধারে বন্দি এগিয়ে গেলে রুবেল, তার শ্বশুর, শ্বাশুরি, শ্যালক ও স্ত্রী মিলে কাঠের পিড়ি দিয়ে তার মাথায় ও বুকে এলোপাথারি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেবা থাতুন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি অপারেশন্স আব্দুল মজিদ জানান, প্রাথমিক ভাবে জানাগেছে পারিবারিক কলহের জের ধরে রুবেলের বাবা-মায়ের সাথে শ্বশুরবাড়ির লোকজনের মারপিটের ঘটনায় বন্দি নিহত হয়েছে। এ মারপিটের সাথে রুবেলও জড়িত থাকতে পারে। তাই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে শুক্রবার(২৯এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী রেবা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।









