গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ রোধে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এসময় পরিবেশ দুষনের দায়ে দুটি কারখনাকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকার এএসএম কেমিক্যাল লিমিটেড (আজিজ কেমিক্যাল নামে পরিচিত) নামক কারখানা অকার্যকর ইটিপির দ্বারা পরিবেশ দূষণ করায় এবং কঠিন বর্জ্য অপরিকল্পিতভাবে বাইরে নির্গত করায় কারখানাটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটিকে অনতিবিলম্বে ইটিপি কার্যকর এবং পরিকল্পিত উপায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া একই দিনে শ্রীপুর উপজেলার বহেরার চালা গিলাবেড়াইদ শাহারীজ কম্পোজিট এন্ড টাওয়েল লিমিটেডকে পরিবেশগত ছাড়পত্র ব্যতীত কারখানা পরিচালনা করা এবং ইটিপি নির্মাণ না করে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গত করার মাধ্যমে পরিবেশ দূষণ করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর উপপরিচালক জনাব মোঃ আব্দুস সালাম সরকার, পরিদর্শক জনাব শেখ মোজাহীদ এবং আনসার ব্যাটালিয়ন গাজীপুর এর সদস্যগন উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/মিলন









