ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রেম করে বিয়ের ৫ দিনের মাথায় মৃত্যুর ঘটনা ঘটেছে তন্নী খাতুন (১৪) নামে এক কিশোরীর। তবে, এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়েও ধূম্রজাল তৈরি হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, উপজেলার কোরকদি ইউনিয়নের খোদা বাশপুর গ্রামের জিল্লুর রহমান মোল্যার ৮ম শ্রেণী পড়ুয়া কন্যা তন্নী খাতুন। একই ইউনিয়নের পাশের গ্রামের মোল্যাডাংঙ্গী গ্রামের আফসার শেখের ছেলে সাব্বির শেখ গত ৬ জুন অপহরণ করে নিয়ে যায় বলে তন্নীর পরিবারের অভিযোগ। এছাড়া তন্নী খাতুনকে সাব্বীর হত্যা করেছে বলে দাবী পরিবারের।
অপরদিকে সাব্বিরের পরিবারের দাবি, সাব্বির ও তিন্নী ৪ মাস আগে বিয়ে করেছে। সর্বশেষ বাড়িতে মৌলভী ডেকে বিয়ে পড়ান হয়েছে। তন্নীকে হত্যা করা হয়নি। সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। প্রেম করে বিয়ের ৫ দিন অতিবাহিত না হতে লাশ হতে হলো তিন্নীকে। গত শুক্রবার দিনগত গভীর রাতে মধুখালী থানা পুলিশ সাব্বিরের বাড়ি থেকে তন্নীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা স্পষ্ট করে বলা মুশকিল। তবে মেয়েটার শরীরে কোনো আঘাত না থাকলেও গলায় দাগ পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তাকে মৃত অবস্থায় শয়ন খাটে পেয়েছি বলে জানান ওসি শহিদুল ইসলাম ।









