ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। উপজেলা শহরের কপোতাক্ষ নদীর তীরে নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়। গত কয়েক দিন আগে এগুলো পাওয়া গেলেও গতকাল বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদীর খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া যায়। কয়েকদিন ধরে সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
মুরব্বীদের বরাত দিয়ে কবির নামের একজন বলেন, মুক্তিযুদ্ধকা চলাকালে মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দিত।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। তিনি বলেন, এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধের সময়ের চিহ্ন। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করব।









