- দিনাজপুরে সড়কে ঝরলো ৩ প্রাণ
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাপায় ইউপি সদস্যসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রবিবার (১৫ মে) দিবাগত রাত ১২টায় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪০) সে দৌলা গ্রামের আজিজ বাবুর ছেলে। অপরদুজন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে তাসিম (১৬) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২৪)
জানা যায়, রাত ১২ টার দিকে ইউপি সদস্য রাকিবুল, তাসিমসহ ৪ জন একটি প্রাইভেট কারযোগে দিনাজপুর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। মঙ্গলপুর এলাকায় গাড়ির তেল শেষ হয়ে গেলে তারা চেয়ারম্যান মোড়ে আটকে পড়ে। মেম্বার রাকিব ও তাসিম দুরের একটি ফিলিংস্টেশন থেকে তেল কিনে গাড়ির কাছে ফিরছিলো। পথিমধ্যে তারা মোটরসাইকেল আরোহী সাদবিন ওসমানের কাছে লিফট চায়। সাদবিন তাদের সাহায্যে দুইজনকে মোটরসাইকেলে তুলে গাড়ির কাছে পৌঁছে দেয়। মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের ৩ জনকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়। বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ ফাড়ির ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









