- সর্বশান্ত বৃদ্ধার আশ্রয় গোয়াল ঘরে
নওগাঁর মহাদেবপুরে সরকারি রাস্তার গাছ ঝড়ে ভেঙ্গে এক বৃদ্ধ ভ্যান চালকের ঘরে পড়ে ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ায় বৃদ্ধ দম্পত্তির আশ্রয় হয়েছে পাশ্ববর্তী গোয়াল ঘরে। এ ছাড়া ওই বৃদ্ধের একমাত্র আয়ের উৎস চার্জার ভ্যানটি ভেঙ্গে গাছের নিচে আটকে থাকার কারণে আয় রোজগার বন্ধ হওয়ায় অসহায় হয়ে পড়েছেন পরিবারটি। এ সংবাদ লেখার সময় সোমবার পর্যন্ত ওই বাড়ির উপর থেকে গাছটি অপসারণ করা হয়নি। ঘটনাটি ঘটেছে উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামে। এ বিষয়ে গত রবিবার দুপুরে ধনজইল গ্রামের মৃত মহির উদ্দীন মন্ডলের পুত্র মো. ওয়াজেদ আলী (৬০) গাছটি অপসারণ ও ক্ষতিপূরণের দাবিতে উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মে শনিবার ভোরে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ধনজইল কমিউনিটি ক্লিনিকের মাঝে অবস্থিত বিশাল চামা কড়ই গাছটি ভেঙ্গে ওয়াজেদ আলীর বসতবাড়ির উপর পড়লে তার বাড়িঘরসহ একমাত্র আয়ের উৎস চার্জার ভ্যানটি ভেঙ্গে যাওয়ায় তার আয় রোজগার বন্ধ হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান মিলন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজকের মধ্যেই ভেঙ্গে পড়া গাছটি অপসারণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ওই ইউনিয়নের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আজকে গাছটি অপসারণ করা হবে। গাছ অপসারনের পর ক্ষতিগ্রস্ত ঘরটি নির্মাণের জন্য সরকারি ভাবে টিনসহ অন্যান্য সামগ্রী দিয়ে সহযোগীতা করা হবে।









