জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে সাড়ে ৫ ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথে জয়পুরহাটের তিলকপুর রেলস্টেশনে অতিক্রম করতে গেলেই একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আতংকিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আর অতিরিক্ত যাত্রির কারনে এমনটা হতে পারে বলে মত অনেকের। এদিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় আশেপাশের স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। অনেকেই ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে ঢাকায় ফিরতে থাকেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনের ছাদে বিপুল সংখ্যক যাত্রী উঠেছিল। এছাড়া ট্রেনের বায়ো টয়লেটের নিজের দিকে ক্ষয়ে মাটির সাথে টাচ লেগে যায়। এজন্য এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।









