নতুন ল্যাট্টিনের ট্যাংকির সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মো. কালু (৪৫) নামে এক রাজমিস্ত্রী মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামে। নিহত কালুর বাড়ি একই ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনায়, সৈয়দপুর বাস টার্মিনালের কুলি ও ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের বাড়িতে কয়েকদিন আগে নতুন ল্যাট্টিনের ট্যাংকির সাটারিং করে ঢালাই দেওয়া হয়। সেই সাটারিং খুলতে রাজমিস্ত্রী ট্যাংকির নিচে নামেন।
এ সময় বিষাক্ত গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখান জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।









